ঈদুল আজহায় ট্রেনসেবা নিশ্চিত করতে পূর্বাঞ্চলে চলছে প্রস্তুতি

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পূর্বাঞ্চলে জোর প্রস্তুতি চলছে।

যাত্রীদের নিরাপদ ও স্বাভাবিক ট্রেনসেবা নিশ্চিত করতে ৯০টি লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত করা হচ্ছে। রেলওয়ের পাহাড়তলী ও ঢাকা বিভাগের কারখানায় পুরোদমে চলছে এসব ইঞ্জিন মেরামত ও প্রস্তুতের কাজ।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ পাওয়ার কন্ট্রোলার প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কোরবানির ঈদে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পূর্বাঞ্চলে প্রতিদিন ৯০ থেকে ৯৫টি ইঞ্জিন প্রয়োজন হবে। গত ঈদুল ফিতরে ৮৮টি ইঞ্জিন পাওয়া গেলেও এবার সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। দুই বিভাগ থেকে ট্রেন পরিচালনার চাহিদা পাওয়ার পরই ইঞ্জিন বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

পাহাড়তলী বিভাগীয় চিফ পাওয়ার কন্ট্রোলার প্রকৌশলী রাজেন্দ্র প্রসাদ ভৌমিক বলেন, ঈদকে সামনে রেখে দুই বিভাগে মোট ৯০টি ইঞ্জিন মেরামতের কাজ চলছে। এর মধ্যে পাহাড়তলী ডিজেল শপে ৫৫টি এবং ঢাকা বিভাগে ৩৫টি ইঞ্জিন প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে ৪৬টি ইঞ্জিনের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি ইঞ্জিন মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে ইঞ্জিন মেরামতে দক্ষ জনবল ও মানসম্মত যন্ত্রাংশের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে দক্ষ লোকবল সংকট থাকায় নতুন কর্মীদের দিয়েই কাজ চালাতে হচ্ছে।

বর্তমানে রেলওয়ের বহরে মোট ২৯৭টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৬৭টি মিটারগেজ ও ১৩০টি ব্রডগেজ ইঞ্জিন। তবে উদ্বেগের বিষয় হলো—রেলের প্রায় ৫১ শতাংশ ইঞ্জিন তাদের অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করেছে। ৪০ বছরের বেশি পুরোনো ইঞ্জিনও রয়েছে বহরে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদের সময় মালবাহী ট্রেন চলাচল সীমিত থাকায় সেখান থেকে অতিরিক্ত কিছু ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনে যুক্ত করা সম্ভব হবে। ফলে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানোর আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment