দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।
প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। রোববার ( ১২ জুলাই) চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। একই সঙ্গে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা সরকারের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান। প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরে দুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগরীর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় চলমান ত্রাণ ও সেবামূলক কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment