বায়েজিদ থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার সাইফুলের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রবিবার (১৯ এপ্রিল) সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপোর কামারাবাদ মোড়ের একটি ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।

পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ‘Made in U.S.A., 7.65’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল ইসলাম পুলিশকে জানান, উদ্ধার করা অস্ত্রটি দিয়ে তিনি নগরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় তার সক্রিয়তা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment