আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে। আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।’

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমি পরিস্কার ভাষায় বলছি এটা, বরং দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সবাই বলেছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’

অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ, যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।’

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগণ্য বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধু আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।’

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment