চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু, ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬। এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে এ পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে শিক্ষা বোর্ড। এরমধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠে কাজ করবে।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এরমধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। এবার ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি স্কুলে ১ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান নির্বাহী বরাবরে চিঠি দেয়া হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment