ক্রীড়া প্রতিবেদক:
২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত এক জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেন। সোমবার সকালে মেক্সিকোর মন্তেরি স্টেডিয়ামে ‘গ্রুপ এফ’-এর ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সুইডিশরা।
সুইডেনের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল করেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন ওমর রিকিক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথমে ইয়াসিন আয়ারি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক। দুই গোলে পিছিয়ে পড়লেও হানিবাল মেজব্রির ক্রস থেকে দুর্দান্ত হেডে ওমর রিকিক গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরার আশা দেখান।
তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি সুইডেন। প্রতিপক্ষের মিডফিল্ডে ভুল পাসের সুযোগ নিয়ে ইসাকের বাড়ানো বল থেকে ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান ৩-১ করেন। এরপর বদলি খেলোয়াড় মাতিয়াস সভানবার্গ মাঠে নেমেই গোল করে সুইডেনের আধিপত্য আরও স্পষ্ট করে তোলেন। ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন আয়ারি। তাতেই তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে ৫-১ গোলের দাপুটে জয় নিশ্চিত করে সুইডেন।
এই জয়ে গ্রুপ এফে শক্ত অবস্থান তৈরি করল সুইডেন। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জাপান ও নেদারল্যান্ডস।
