ফেনী প্রতিনিধি:
ফেনীর রামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। একইসঙ্গে পাঁচজন আহত হন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মজিবুর রহমানের ছেলে সোহাগ রহমান (২৭), রংপুরের হারাগাছ থানার বাসিন্দা মো. মোরশেদ (৪০) এবং দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন মো. রানা (৪০) ও মো. সোহেল (৩০)। তাঁরা ঢাকার নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করেন। ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। নিহত মো. মোরশেদ ঢাকার বাংলামোটর এলাকার ফরহাদ মার্কেটে মোটর পার্টসের ব্যবসায়ী ছিলেন। তিনিও পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন।
মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সেতুর সংস্কারকাজ চলছিল। সেতুর আগে স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস-অ্যাম্বুলেন্সের চালকদের কথা-কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু বাসের জট লেগে যায়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডিএস/ বিআর
