বার কাউন্সিলের নির্বাচনে হস্তক্ষেপ করা হয়নি: সংসদে আইনমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস:

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, সংশ্লিষ্ট আইনজীবীদের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের কারণে বার কাউন্সিল নির্বাচন পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক পয়েন্ট অব অর্ডারের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এ সময় আখতার হোসেন বার কাউন্সিল নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎসংকট বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না- এমন প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যা নিজস্ব আইনি কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি উল্লেখ করেন, আইনে ‘যেকোনো যুক্তিসঙ্গত কারণ’-এর ভিত্তিতে নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে, যা এই ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ঢাকা বারসহ দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচন পেছানোর অনুরোধ জানানো হয়েছিল। বিশেষ করে ঢাকা বার অ্যাসোসিয়েশন, যা এশিয়ার অন্যতম বৃহৎ বার এবং যেখানে ২২ হাজারের বেশি আইনজীবী রয়েছেন, তাদের নিজস্ব নির্বাচন সামনে থাকায় সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হচ্ছিল। এই প্রেক্ষাপটেই বার কাউন্সিল নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎসংকট বা রাজনৈতিক প্রভাবের অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বার কাউন্সিল নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, একটি স্বাভাবিক, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবেশে নির্বাচন আয়োজনই সরকারের লক্ষ্য।

সবশেষে তিনি জানান, আইনজীবীদের স্বার্থ এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই বার কাউন্সিল স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment