জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

by Desh Sarakkhon
০ comments

‎ঢাকা‎ অফিসঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী)  দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বুধবার ( ৪ ফেব্রুয়ারী) সকালে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিএমপির ডিবির প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুল ইসলাম। ‎

‎ডিবির প্রধান বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

‎ডিবির প্রধান বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়েছে। তাঁর মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। ‎

‎এর আগে ৩১ জানুয়ারি শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

বিআর

You may also like

Leave a Comment