ঢাকা অফিসঃ
দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রক্ষমতায় এলে কঠোর আইনগত ও পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার–২০২৬ এ এসব প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহারে বলা হয়, ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে দেশকে ওই কলঙ্ক থেকে মুক্ত করে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের দুর্নীতি সূচকে উন্নতি ঘটে।
বিএনপি জানায়, সরকার গঠন করলে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কার, উন্মুক্ত দরপত্র ব্যবস্থা, রিয়েল-টাইম অডিট, শক্তিশালী তথ্য অধিকার আইন এবং ডিজিটাল সেবা চালু করা হবে। ব্যবসা-বাণিজ্যে হয়রানি কমাতে ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’ চালুর কথাও উল্লেখ করা হয়।
এ ছাড়া ন্যায়পাল নিয়োগ, সরকারি ব্যয় ও প্রকল্পে পারফরম্যান্স অডিট বাস্তবায়ন এবং বিগত ফ্যাসিস্ট আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়, অন্যায় যে করে সে কোনো দলের নয়, সে শুধুই অন্যায়কারী। দেশ ও জনগণের স্বার্থে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়।
ইশতেহারে বলা হয়, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে তাদের সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।
বিআর/
