ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

by Desh Sarakkhon
০ comments

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন বন্ধু নিহত হয়েছেন। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজী সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হারুয়ালছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উরাংপাড়া এলাকার নয়ন (১৬), তার পিতা রাম উরাং, তপু উরাং (১৬), পিতা তপন উরাং এবং উত্তম (১৯), পিতা জুগেস। নিহতদের মধ্যে নয়ন ও তপু ভুজপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং উত্তম পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় পুইন্নে ত্রিপুরা নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজমিস্ত্রীর কাজ শেষে চার তরুণ একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাইন্দং পেলাগাজী এলাকায় পৌঁছালে মানিকছড়ি দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপু ও উত্তমকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment