আনোয়ারায় পারিবারিক কলহের জের, গৃহবধূর আত্মহত্যা

by Desh Sarakkhon
০ comments

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারার বারখাইন ইউনিয়নে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাদের সাত মাস বয়সী রায়হান নামে একটি সন্তান রয়েছে।

নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন। এসব স্বর্ণ ফেরত আনার জন্য তার স্ত্রী তাকে চাপ দিচ্ছিলেন এবং বিষয়টি নিয়ে আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ সকালে তিনি বাইরে গেলে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে স্ত্রীকে নিচে নামান।

এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং তাদের মেয়ে জিন্নাত আরা ঝিনুককে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা।

ঘটনার পর পর আত্মহত্যার সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। যে ভিডিওতে তার স্বামী ওমর ফারুককে দরজার খোলার জন্য চিৎকার করতে দেখা যায়।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment