নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অটিজম আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত ও আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
বুধবার (১৩ মে) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি জন্মগত নিউরোলজিক্যাল অবস্থা। অটিজম আক্রান্ত শিশু ও ব্যক্তিদের বিশেষ সক্ষম হিসেবে বিবেচনা করে সরকার শিক্ষা, চিকিৎসা, ফিজিওথেরাপি, প্যারেন্ট কাউন্সেলিংসহ নানা সহায়তা দিচ্ছে। তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও সরকারের লক্ষ্য।
তিনি জানান, অটিজম আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বাড়ায় সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় অনুদান ও সহায়তা বৃদ্ধি করেছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ কৌশল এবং বিশেষ কার্যক্রম চালু রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৮০০ জন এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২০ জন শিক্ষক এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
এছাড়া অটিজম ও অন্যান্য প্রতিবন্ধী শিশুদের দৈনন্দিন জীবনযাপন দক্ষতা উন্নয়নে ‘অ্যাকটিভিটি অব ডেইলি লিভিং’ প্রশিক্ষণ চলমান রয়েছে। চলতি অর্থবছরে ৫০০ শিশু ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, চিকিৎসকদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৫১ জন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৫৩ জন চিকিৎসক অটিজম ও প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
অটিজম আক্রান্ত শিশুদের পরিবারের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কাউন্সেলিং ও মানসিক সহায়তার মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে তারা সামাজিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৪টি ‘অটিজম ও ইনডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেন্টার’ চালু রয়েছে। এসব কেন্দ্রে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ১৯৬ জন ব্যক্তি সেবা নিয়েছেন এবং মোট ১২ লাখ ৩৯ হাজার ৮২০টি সেবা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এসব কেন্দ্রে শিক্ষামূলক কার্যক্রম, ফিজিওথেরাপি, পেশাগত প্রশিক্ষণ, পুনর্বাসন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকায় চালু দুটি প্রধান সেন্টারে শিশু ও যুবকদের জন্য অকুপেশনাল থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, সামাজিক সমন্বয় ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, সরকার শুধু অটিজম নয়, সকল বিশেষভাবে সক্ষম ব্যক্তির শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি ডিজেবল স্পোর্টস ও প্যারালিম্পিক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অটিজম আক্রান্ত শিশুদের স্বাভাবিক সন্তানের মতো গ্রহণ করতে হবে। সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুরা আমাদেরই সন্তান। তাদের শিক্ষা, স্বাভাবিক জীবনযাপন ও সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
ডিএস/ বিআর
