নিজস্ব প্রতিবেদক:
নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা হবে বলে জানা যায়।
তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশি মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএস/ বিআর
