চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু।
জানা যায়, তারা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। একইসময়ে আহত হন আরও এক মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাত সোয়া চারটার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ করিম বাবুর্চির বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদুল ইসলাম ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান- বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সেই বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী দুই যুবক।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় পতিত বাস ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিএস/ বিআর
