রাঙামাটিতে বাস উল্টে আহত ২০

by Desh Sarakkhon
০ comments

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসটি রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিল বলে জানা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে বাসটি উল্টে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কাউখালী উপজেলার অন্তর্ভুক্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান নামক জায়গায় একটি যাত্রীবাহী বাস ব্রেকফেল হয়ে উল্টে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় কেউ মারা যায়নি। চালক ও হেলপার আহত হয়েছেন।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment