দলীয় পরিচয় নয়, অপরাধ দেখেই ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি, সন্ত্রাস বা যেকোনো অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির দলীয় পরিচয় নয়, তার অপরাধকেই প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পুলিশ বাহিনী রাষ্ট্র ও সরকারের কার্যক্রমের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে প্রকৃত অর্থেই জনবান্ধব বাহিনীতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশ নির্মাণ সরকারের শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাস্তবায়নের লক্ষ্য।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পুলিশকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া সাম্প্রদায়িক উসকানি, নাশকতা কিংবা যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment