‘রাস্তা জুড়ে রোদ হোক’ শিরোনামে চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব-২০২৬ পালন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
শনিবার (১৮ এপ্রিল) থিয়েটার ইনিস্টিটিউটে চতুর্থবারের মতো এ উৎসব আয়োজন করে সংগঠনটি।
এতে সংগীত ভবনের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হয় চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসব। এরপর কথামালা পর্বে অংশ নেন সংগীতজ্ঞ ও শিক্ষক শীলা মোমেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাহিত্যিক অভীক ওসমান, বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল সোহেল।
এসময় ওমর কায়সার বলেন, তরুণ প্রজন্ম যুব বিদ্রোহের ইতিহাস ভুলতে বসেছে। এই দোষ আমাদের। আমরা আমাদের ইতিহাসটা তাদের জানাতে পারেনি। পুঁজিবাদের পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছি মন্তব্য করে ওমর কায়সার বলেন আমরা যদি প্রকৃত ইতিহাসের দিকে যেতে না পারি আমরাই আমাদের সর্বনাশ ডেকে আনবো।
অভীক ওসমান বলেন, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে দেশের সকল আন্দোলনের সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে, নাহলে দেশের উত্থান ও গৌরবের অর্জন টিকে থাকবেনা।
শীলা মোমেন বলেন, অতীতের ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আর অতীতের গৌরব আর সাফল্য থেকে মানুষ গৌরবান্বিত বোধ করে মনে আত্মবিশ্বাস অর্জন করে। এগুলো যদি শিশুদের ছোটবেলা থেকে শেখানো না হয় তাহলে এ জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবেনা।
কথামালা শেষে দলীয় সংগীতে অংশ নেন সুরপঞ্চম সংগীত নিকেতন ও ধ্রুপদ।
এছাড়াও দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যেশ্বর, নৃত্য নিকেতন, নৃত্যভূমি। ব্রতচারি নৃত্য পরিবেশন করেন ফুলকী। একক আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, সেলিম রেজা সাগর, রুনা চৌধুরী, বিদ্যা বড়ুয়া, পার্থ প্রতীম মহাজন, রূপশ্রী, স্নিগ্ধ, জসীম উদ্দীন। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদের বড়দের ও ছোটদের বিভাগ।
এতে উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, পূর্ণা দাশ, হাসিবুল ইসলাম শাকিল, ঋত্বিকা নন্দী। প্রেস বিজ্ঞপ্তির।
