বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তা কলঙ্কজনক। একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।
সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় তিনি এ কথাগুলো বলেন।
কারও নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যেসব নারী, যেসব মা–বোন কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ। বাংলাদেশের লাখ লাখ নারী পোশাকশিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছেন। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ তাঁদেরই আজ অপমান করা হচ্ছে।
হযরত বিবি খাদিজা (রা.)–র উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে, নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারও নেই।
তিনি বলেন, এই সময়ে যারা কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে, গুম-খুন ও মিথ্যা মামলার শিকার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। তবে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে যত পরিকল্পনাই নেওয়া হোক, দেশ পুনর্গঠন সম্ভব নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।
একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে।
