সংগীতগুণী ওস্তাদ মিহির নন্দী স্মরণে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির ৪র্থ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা মে) সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় একাডেমির সভাপতি প্রফেসর ড. সুদীপা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্মিলন উদযাপন পরিষদের মহাসচিব এডভোকেট সুমন ধর।
এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী সৈকত দত্ত। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এড. কানু রাম শর্মা।
অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রফেসর ড. মইনুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সোয়েব উদ্দিন খান এবং অতিথি ছিলেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ রজত কুমার বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া, জিপিএ ৫ ও বৃত্তিপ্রাপ্ত একাডেমির কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান করা হয়। একাডেমির বার্ষিক প্রগতি মূল্যায়ন পরীক্ষায় ৩বর্ষে ১ম শিক্ষার্থীদের সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়।
সম্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক আশীষ কুমার চৌধুরীর সমাপনী বক্তব্যের পর অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল সাংস্কৃতিক পর্বের সূচনা হয়।
পরে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মেলক সংগীত অনুষ্ঠিত হয়। এতে তবলা ছিলেন রিপন দাশ। সংগীত আয়োজন ও পরিচালনায় ছিলেন একাডেমির প্রশিক্ষক শিল্পী সৈকত দত্ত।
এছাড়া সুমী চক্রবর্তীর পরিচালনায় নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের শিল্পীরা সমবেত কথক নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে একক পরিবেশনায় শিল্পী সৈকত দত্ত রাগ ভীমপলাসি পরিবেশন করেন। তবলায় ছিলেন সমীর আচার্য্য, হারমোনিয়ামে অনন্যা দে এবং তানপুরায় সঙ্গত করেন অর্পা দাশ ও পরশ মনি দে।
অনুষ্ঠানে একাডেমির সম্মানিত অভিভাবকবৃন্দ সমবেত সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ান।
সবশেষে কলকাতা থেকে আগত শিল্পী অরণ্য চৌধুরী সন্তুরে রাগ কিরওয়ানী পরিবেশন করেন। তবলা সঙ্গত করেন সমীর আচার্য্য।
এর আগে সকালে একাডেমির শিক্ষার্থীরা পঞ্চকবির গান পরিবেশন করেন।
পুরো আয়োজনটি সুধীজন ও সংগীতপ্রেমীদের ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী আয়োজনে শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও সম্মাননা পর্বে মিলনায়তন ছিল দর্শকে মুখরিত। প্রেস বিজ্ঞপ্তির।
ডিএস/ বিআর
